25/10/2026
বিজিএইচ হাসপাতালে ‘অপেক্ষার আড্ডায় বইয়ের সভা’ পাঠাগারের শুভ উদ্বোধন
======================================
চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনীস্থ দি বিসিসিইউএল জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে (বিজিএইচ) ‘অপেক্ষার আড্ডায় বইয়ের সভা’ পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রথম আলো পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রথম আলো বন্ধুসভা, রাউজান, চট্টগ্রামের উদ্যোগে গত ২৪ অক্টোবর, শনিবার, হাসপাতালের অভ্যর্থনা হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাসপাতালে আগত রোগী, রোগীর স্বজন ও সেবাগ্রহীতাদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চার প্রসার এবং বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ পাঠাগার স্থাপন করা হয়েছে। চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি অপেক্ষার সময়ে বই পড়ার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
বিজিএইচের চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত মহাস্থবির মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) সাবেক উপাচার্য ও বিজিএইচের সিনিয়র অ্যাডভাইজার অধ্যাপক প্রভাত চন্দ্র বড়ুয়া, ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক লুৎফর রহমান, দি বিসিসিইউএল ও বিজিএইচের ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারম্যান প্রকৌশলী তীর্থংকর বড়ুয়া, বিজিএইচের পরিচালক (আবাসিক) অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দী, ট্রেজারার শিক্ষক আশুতোষ বড়ুয়া, দি বিসিসিইউএল পরিচালক প্রকৌশলী টিটু বড়ুয়া, পরিচালক রাতুল বড়ুয়া, দি বিসিসিইউএল সাবেক সভাপতি সুদত্ত কুমার বড়ুয়া, সাবেক পরিচালক মানস বড়ুয়া, দি বিসিসিইউএল পরিচালক বিশ্বজিৎ বড়ুয়া, বিজিএইচের পরিচালক (মার্কেটিং) এপেক্সিয়ান মৃণাল কান্তি বড়ুয়া, সাবেক ট্রাস্টি ও লেখক রাজীব কান্তি বড়ুয়া, চারুলতা প্রকাশনের কর্ণধার চারুউত্তম বড়ুয়া এবং সহকারী ব্যবস্থাপক তাপস বড়ুয়া প্রমুখ।
এ সময় প্রথম আলো রাউজান প্রতিনিধি সাংবাদিক ইউসুফসহ প্রথম আলো বন্ধুসভা, রাউজান, চট্টগ্রামের একঝাঁক উদ্যমী ও মেধাবী সদস্য উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষে প্রথম আলো রাউজান প্রতিনিধি সাংবাদিক ইউসুফ বলেন, হাসপাতালকেন্দ্রিক এ পাঠাগার রোগী ও তাঁদের স্বজনদের অপেক্ষার সময়কে অর্থবহ করে তুলবে। পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানচর্চার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে ভদন্ত শাসন রক্ষিত মহাস্থবির বলেন, চিকিৎসাসেবার পাশাপাশি জ্ঞান, সাহিত্য ও মানবিক মূল্যবোধের বিকাশে এ পাঠাগার ইতিবাচক ভূমিকা রাখবে। হাসপাতালকে শুধু চিকিৎসাসেবার কেন্দ্র হিসেবে নয়, বরং মানবিকতা, সৃজনশীলতা ও জ্ঞানচর্চার অনুকূল পরিবেশ হিসেবে গড়ে তুলতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা ফিতা কেটে ‘অপেক্ষার আড্ডায় বইয়ের সভা’ পাঠাগারের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ উদ্যোগের মাধ্যমে হাসপাতালের সেবাগ্রহীতা ও স্থানীয় জনগণের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়বে এবং একটি মানবিক ও জ্ঞানসমৃদ্ধ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।