15/09/2026
দীর্ঘস্থায়ী ঘাড় ও পিঠের ব্যথায় ভোগা রোগীদের জন্য চিকিৎসা বিজ্ঞানে এক যুগান্তকারী অগ্রগতি এসেছে। বিজ্ঞানীরা এমন একটি বিশেষ ইনজেকশনযোগ্য হাইড্রোজেল (Injectable Hydrogel) তৈরি করেছেন, যা অস্ত্রোপচার ছাড়াই ক্ষতিগ্রস্ত স্পাইনাল ডিস্ককে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম।
সমস্যার পটভূমি
মেরুদণ্ডের দীর্ঘস্থায়ী ব্যথার ক্ষেত্রে প্রচলিত চিকিৎসা—যেমন স্টেরয়েড ইনজেকশন—শুধুমাত্র সাময়িক স্বস্তি দেয়। অন্যদিকে স্পাইনাল ফিউশন (Spinal Fusion)-এর মতো জটিল সার্জারি মেরুদণ্ডের স্বাভাবিক গঠন স্থায়ীভাবে বদলে দেয়। চিকিৎসকেরা কেবল উপসর্গ কমানোর পরিবর্তে এবার মেরুদণ্ডের ক্ষয় সরাসরি সারিয়ে তোলার পথ খুঁজে পেয়েছেন।
📍হাইড্রোজেল কীভাবে কাজ করে?
* প্রাকৃতিক গঠনের প্রতিরূপ: মেরুদণ্ডের দুটি হাড়ের মাঝে থাকা ডিস্কের নরম ও শক-অ্যাবজরবিং জেল অংশটিকে বলা হয় নিউক্লিয়াস পালপোসাস (Nucleus Pulposus)। বায়োকম্প্যাটিবল এই হাইড্রোজেলটি নিখুঁতভাবে সেই প্রাকৃতিক জেলের মতো কাজ করে।
* মিনিম্যালি ইনভেসিভ পদ্ধতি: কোনো বড় অস্ত্রোপচার ছাড়াই ইমেজ-গাইডেড সূঁচের (Image-guided needle) মাধ্যমে ক্ষতিগ্রস্ত ডিস্কের ভেতরে জেলটি প্রবেশ করানো হয়।
* ডিস্কের উচ্চতা ও আর্দ্রতা পুনরুদ্ধার: এটি ডিস্কের ভেতরের ফাটলগুলো ভরাট করে, সংকুচিত বা চ্যাপ্টা হয়ে যাওয়া ডিস্কের উচ্চতা বাড়ায় এবং একটি স্বাস্থ্যকর ও আর্দ্র পরিবেশ ফিরিয়ে আনে।
ক্লিনিক্যাল গবেষণার ফলাফল
পেইন ফিজিশিয়ান (Pain Physician) জার্নালে প্রকাশিত একটি গবেষণায় হাইড্রোফিল (Hydrafil) নামক বিশেষ হাইড্রোজেলের কার্যকারিতা পরীক্ষা করা হয়। এটি ওপিডি (Outpatient) ভিত্তিতে সামান্য সময়ের মধ্যেই প্রয়োগ করা সম্ভব। এক বছর ধরে রোগীদের পর্যবেক্ষণে রেখে দেখা গেছে:
* পিঠের ব্যথায় প্রায় ৭০% হ্রাস ঘটেছে।
* দৈনন্দিন কাজকর্ম করার সক্ষমতায় ৮০% উন্নতি লক্ষ্য করা গেছে।
সবচেয়ে বড় সুবিধা হলো, জটিল সার্জারির মতো এতে মেরুদণ্ড শক্ত বা অনমনীয় হয়ে যায় না; বরং স্বাভাবিক নড়াচড়ার ক্ষমতা (Spinal mobility) অটুট থাকে। ফলে ওষুধ-ফিজিওথেরাপি এবং বড় অস্ত্রোপচারের মধ্যবর্তী সেতুবন্ধন হিসেবে এই হাইড্রোজেল থেরাপি দীর্ঘস্থায়ী ব্যথার চিকিৎসায় নতুন আশার আলো দেখাচ্ছে বা দেখাতে পারে !
source: Clerk-Lamalice, O., Spath, A., Carcary, K., Amirdelfan, K., & Beall, D. P. (2026). Feasibility and Safety of Treatment of Painful Lumbar Degenerative Disc Disease with an Injectable Hydrogel Implant at One-year Follow-up. Pain Physician, 28(S7), S203-S213.