29/10/2026
মানুষের জীবনে দু'আর গুরুত্ব অনেক। সেটা যেদিন থেকে বুঝতে শিখেছি, সেদিন থেকে মানুষের কাছে কোনোকিছু চাইতে ভুলে গিয়েছি। এমন ও অনেক রাত গেছে শুধুমাত্র একটু দু'আ কবুলের আশায় কাঁদতে কাঁদতে রাত পাড় করে দিছি। অসহায় বান্দার মত দুইহাত তুলে অঝোরে ফরিয়াদ করে গেছি। বিশ্বাস ছিলো সম্পুর্ন আল্লাহর উপর, আল্লাহ জীবনের কঠিন দিনগুলো একদিন পাড় করে দিবেন।
মাঝেমধ্যে এমন অসহায়ত্ব নিয়ে আল্লাহর কাছে দাড়াতাম, সে অসহায়ত্বের কথা কাউকে বুঝাইতে পারতাম না। মনের কথাগুলো কারো সাথে শেয়ার করতে পারতাম না। সমস্যার কোনো নির্দিষ্ট পথই খুজে পেতাম না। ঠিক সেই মুহূর্তেও আল্লাহর কাছে দাড়াইতাম শুধুমাত্র এই আশায় যে, আল্লাহ সবকিছু শুনবেন।
কত'শত চাওয়া যে আল্লাহ পূরণ করেছেন, তার হিসেব করে হয়তো শেষ করতে পারবোনা। কখনো কৃতজ্ঞতা প্রকাশ করলে কৃতজ্ঞতা প্রকাশ ও শেষ হবেনা। আল্লাহ এতই মহান, সুবহানাল্লাহ।
অনেকেই দু'আ করতে গিয়ে হাপিয়ে যান, মনে সন্দেহ নিয়ে দু'আ করেন। আল্লাহ মনের আশা পূরণ করবেন তো? বিশ্বাস করেন মনে এমন সন্দেহ রেখে দু'আ করলে দু'আ সহজে কবুল হয়না। দু'আ করতে হলে একেবারে নিখুঁত ভাবেই দু'আ করতে হবে, আর মনে এই ধারণা রাখতে হবে যে, আল্লাহ দু'আ কবুল করবেনই।
যেকোনো কাজে সফল হওয়ার মূলমন্ত্র হলো, দু'আর পাশাপাশি, পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাওয়া। দু’আর সৌন্দর্য হলো - এটি আপনাকে আপনার রবের আরও কাছে নিয়ে যাবে। অন্তরে আশা জাগাবে , বিপদের সময় আল্লাহর ওপর ভরসা করতে শেখাবে এবং নিজের দুর্বলতার মাঝেও নতুন করে চেষ্টা করার এক অদ্ভুত শক্তি মনে জোগাবে৷
যে বান্দা একবার দু'আর সৌন্দর্য বুঝে গেছে, সে বান্দার কাছে দুনিয়ার যেকোনো অসম্ভব কাজ'ই সম্ভব মনে হবে।
দু'আ শুধু মানুষের ভাগ্যই পরিবর্তন করেনা, দু'আ মানুষের অন্তরকেও শীতল রাখে সব সময়।
আর দু’আ করার জন্য সবসময় বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। সিজদায়, নামাজের পরে, রাতের নির্জনতায় কিংবা দিনের ব্যস্ততার মাঝেও আল্লাহর কাছে নিজের মনের কথা বলতে পারেন। নিজের ভাষায়, নিজের মতো করে, বিনয়ের সঙ্গে তাঁর কাছে চান।
আল্লাহর সুন্দর নামগুলো ধরে দু’আ করুন। দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর কাছে ফিরে যাওয়ার দরজাটি আপনার, আমার জন্য সব সময় খোলা। তাই মানুষের কাছে চাইতে গিয়ে অপমানিত হওয়ার চেয়ে, আন্তরিকতার সাথে আল্লাহর কাছেই কান্নাকাটি করুন, যে আপনার কান্নাকাটির মূল্যায়ন বুঝবেন।
দিনশেষে আমরা তো শুধু দু'আ আর চেষ্টাই করে যেতে পারবো, আমাদের ভাগ্য পরিবর্তনের মালিক তো আল্লাহ নিজেই।
Barakah Super Shop