20/10/2026
পূজা মানেই আনন্দ, সাজগোজ, প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরাঘুরি, বন্ধু-পরিবারের সঙ্গে সময় কাটানো এবং নানা রকম খাবার খাওয়া। তবে দীর্ঘসময় ভিড়ে থাকা, অতিরিক্ত হাঁটাহাঁটি, ঘাম হওয়া, অনিয়মিত খাবার ও রাত জাগার কারণে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকিও বাড়ে।
বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদ্রোগ ও কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের বাড়তি সতর্কতা প্রয়োজন।
১| পানিশূন্যতা ও অতিরিক্ত ঘাম প্রতিরোধ করুন। দীর্ঘসময় হাঁটাহাঁটি ও ঘামের কারণে শরীর থেকে পানি বেরিয়ে পানিশূন্যতা, মাথা ঘোরা, দুর্বলতা ও বুক ধড়ফড় হতে পারে।
✔️ সঙ্গে নিরাপদ পানির বোতল রাখুন এবং কিছুক্ষণ পরপর পানি পান করুন।
✔️ প্রয়োজনে ডাবের পানি বা চিনি ছাড়া লেবুপানি পান করতে পারেন।
✔️ ডায়রিয়া বা বমি হলে খাবার স্যালাইন উপকারী। তবে কিডনি বা হার্টের রোগীদের তরল গ্রহণের নির্ধারিত সীমা মেনে চলতে হবে।
✔️ প্রচণ্ড গরমে দীর্ঘক্ষণ না থেকে ছায়াযুক্ত বা ঠান্ডা জায়গায় বিশ্রাম নিন।
২| আবহাওয়ার পরিবর্তন বা ভাইরাসের সংক্রমণে সর্দি-কাশি হতে পারে।
✔️ কুসুম গরম পানি পান করুন। আদা দিয়ে লাল চা খেতে পারেন।
✔️ নাক বন্ধ হলে নরমাল স্যালাইন নাকের ড্রপ বা স্প্রে ব্যবহার করতে পারেন।
✔️ গরম পানির পাত্র থেকে ভাপ নেওয়ার সময় সতর্ক থাকুন। এতে পুড়ে যাওয়ার ঝুঁকি আছে।
✔️ অ্যালার্জির লক্ষণ থাকলে চিকিৎসক বা ফার্মাসিস্টের পরামর্শে অ্যান্টিহিস্টামিন নিতে পারেন। কিছু ওষুধে ঘুম ঘুম ভাব হয়।
শ্বাসকষ্ট, বুকে ব্যথা, দীর্ঘস্থায়ী বা তীব্র জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিন।
৩| অতিরিক্ত হাঁটাহাঁটি ও শরীরব্যথা:-
দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা হাঁটার কারণে পা, কোমর ও পেশিতে ব্যথা হতে পারে।
✔️ আরামদায়ক জুতা পরুন।
✔️ মাঝে মাঝে বসে বিশ্রাম নিন এবং হাঁটার মধ্যে বিরতি রাখুন।
✔️ ব্যথা হলে বিশ্রাম নিন। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শে প্যারাসিটামল ব্যবহার করতে পারেন।
কিডনি রোগী, হৃদ্রোগী ও উচ্চ রক্তচাপের রোগীরা চিকিৎসকের পরামর্শ ছাড়া ibuprofen, diclofenac বা naproxen-এর মতো ব্যথার ওষুধ খাবেন না।
৪| বাইরের খাবার ও অতিরিক্ত খাওয়াদাওয়ায় সতর্কতা:-
অস্বাস্থ্যকর খাবার থেকে খাদ্যে বিষক্রিয়া, ডায়রিয়া, বমি ও পেটব্যথা হতে পারে। অতিরিক্ত মিষ্টি, তেল-মসলাযুক্ত ভাজাপোড়া ও কোমল পানীয় রক্তে শর্করা এবং হজমের সমস্যাও বাড়াতে পারে।
✔️ পরিষ্কার, তাজা ও ভালোভাবে রান্না করা খাবার খান।
✔️ খোলা, বাসি বা দীর্ঘসময় গরমে পড়ে থাকা খাবার এড়িয়ে চলুন।
✔️ অতিরিক্ত না খেয়ে পরিমিত খাবার খান।
✔️ খাবারে শাকসবজি, সালাদ ও টকদই রাখতে পারেন। সালাদ পরিষ্কার পানিতে ধোয়া হতে হবে।
✔️ অতিরিক্ত মিষ্টি, ভাজাপোড়া ও কোমল পানীয় সীমিত রাখুন।
৫| অনিয়মিত খাবার, রাত জাগা ও ঘুমের অভাব:-
অনিয়মিত খাবার ও পর্যাপ্ত ঘুম না হলে ক্লান্তি, মাথাব্যথা, মনোযোগের ঘাটতি এবং রক্তে শর্করার ওঠানামা হতে পারে।
✔️ নির্দিষ্ট সময়ে খাবার খান।
✔️ পর্যাপ্ত রাতের ঘুম নিশ্চিত করুন।
✔️ ডায়াবেটিসের রোগীরা খাবার বাদ দেবেন না এবং চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ওষুধ বা ইনসুলিন নেবেন।
৬| শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন:-
✔️ শিশুদের দীর্ঘসময় ভিড়ে ঘোরাবেন না। নিয়মিত পানি, খাবার ও বিশ্রামের ব্যবস্থা রাখুন।
✔️ শিশুর পরিচয় ও অভিভাবকের ফোন নম্বর সঙ্গে রাখুন।
✔️ বয়স্কদের জন্য আরামদায়ক জুতা, বসার ব্যবস্থা ও বিশ্রামের বিরতি নিশ্চিত করুন।
✔️ ভিড়ে হারিয়ে যাওয়া, পড়ে যাওয়া ও অতিরিক্ত ক্লান্তির ঝুঁকি এড়িয়ে চলুন।
৭| উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্ট ও কিডনি রোগীদের সতর্কতা:-
✔️ নিয়মিত ওষুধ সঙ্গে রাখুন এবং নির্ধারিত সময়ে সেবন করুন।
✔️ ডায়াবেটিসের রোগীরা প্রয়োজন অনুযায়ী রক্তের শর্করা মাপুন এবং সঙ্গে উপযুক্ত খাবার রাখুন।
✔️ উচ্চ রক্তচাপের রোগীরা অতিরিক্ত লবণযুক্ত খাবার এড়িয়ে চলুন।
✔️ হার্ট ও কিডনি রোগীরা চিকিৎসকের দেওয়া পানি, লবণ ও খাবারের বিধিনিষেধ মেনে চলুন।
✔️ নিজের শারীরিক সক্ষমতা অনুযায়ী ঘোরাঘুরি করুন। অসুস্থ বোধ করলে বিশ্রাম নিন।
৮| যেসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে:-
- মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা বা অস্বাভাবিক দুর্বলতা।
- অতিরিক্ত ঘাম, বুক ধড়ফড় বা অস্থিরতা, বিশেষ করে সঙ্গে মাথা ঘোরা থাকলে।
- বুকে চাপ বা ব্যথা, শ্বাসকষ্ট, ঠান্ডা ঘাম।
- মুখ বেঁকে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া বা শরীরের এক পাশ হঠাৎ দুর্বল হয়ে যাওয়া।
- বারবার বমি, প্রস্রাব খুব কমে যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া।
বুকে চাপ, শ্বাসকষ্ট, অজ্ঞান হওয়া বা স্ট্রোকের লক্ষণ দেখা দিলে অপেক্ষা না করে জরুরি চিকিৎসা নিন। প্রয়োজনে ৯৯৯ নম্বরে ফোন করুন। শুধু বিশ্রাম বা পানি খেয়ে ঠিক হওয়ার অপেক্ষা করবেন না।
নিজে সচেতন থাকুন, পরিবারের সদস্যদের খেয়াল রাখুন এবং নিরাপদে পূজার আনন্দ উপভোগ করুন।
#ডানাসরিননিপা #পূজায়স্বাস্থ্যসচেতনতা #পূজারস্বাস্থ্যপরামর্শ #স্বাস্থ্যসচেতনতা #পানিশূন্যতা #খাদ্যনিরাপত্তা #ডায়াবেটিস #উচ্চরক্তচাপ #হৃদ্রোগ #কিডনিরোগ #শিশুস্বাস্থ্য #বয়স্কদেরযত্ন #জরুরিলক্ষণ