Dr. Rezwanur Rahman

Directions Website Contact the business

Dr. Rezwanur Rahman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Rezwanur Rahman, Medical and health, Popular Consultation Center-3 Bhaban-6, Room No: 305, House: 8, Road: 2 Dhanmondi, Dhaka.

Consultant Nephrologist & Transplant physician at Popular Medical College Hospital
Professor and Head of Nephrology Department
Bangladesh Medical College Hospital
www.drrezwanurrahman.com

লিমা আর আয়াতের গল্পলিমার বয়স ২৫। ২০২৪ সালে ভারতে ওর কিডনি প্রতিস্থাপন হয়েছিল। দেশে ফিরে আসার পর থেকেই ও আমার কাছে ফলো...
05/11/2026

লিমা আর আয়াতের গল্প
লিমার বয়স ২৫। ২০২৪ সালে ভারতে ওর কিডনি প্রতিস্থাপন হয়েছিল। দেশে ফিরে আসার পর থেকেই ও আমার কাছে ফলোআপে আছে।
কিছুদিন আগে লিমা আমাকে জানায়, ও মা হতে চায়। আমরা ঠিকমতো পরিকল্পনা করে, সব নিয়ম মেনেই এগিয়েছি। প্রথম দিকে সবকিছু ভালোই চলছিল। কিন্তু ৩০ সপ্তাহের সময় হঠাৎ জন্ডিস ধরা পড়ল। প্রতিস্থাপনের একটা গুরুত্বপূর্ণ ওষুধ তখন বন্ধ করে দিতে হলো।
সত্যি বলতে, ওই সময়টা আমি খুব দুশ্চিন্তায় ছিলাম। মনে হচ্ছিল, বাকি সময়টা কি নিরাপদে পার করতে পারব?
আল্লাহর রহমতে পারলাম। ২৬ অক্টোবর লিমা একটি সুস্থ ছেলের জন্ম দিয়েছে। নাম রেখেছে আয়াত। মা আর ছেলে দু'জনই এখন ভালো আছে। ওষুধের ডোজ ঠিক করতে এখনো একটু কষ্ট হচ্ছে, তবে আমরা সেটা সামলে নিচ্ছি।
লিমার পথটা সহজ ছিল না। ওর স্বামী প্রবাসে থাকেন, তাই প্রায় প্রতিটি ভিজিটে ওর মা সঙ্গে আসতেন। মাঝে মাঝে যোগাযোগেও সমস্যা হতো। তখন আমরাই সময় করে ফোন দিয়ে খোঁজ নিয়েছি, যতটা পেরেছি পাশে থাকার চেষ্টা করেছি।
আজ সেই লিমা মা হয়েছে। এর চেয়ে বড় আনন্দ একজন চিকিৎসকের জন্য আর কী হতে পারে!
দোয়া করবেন, লিমা আর ছোট্ট আয়াত যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে।
অধ্যাপক রেজওয়ানুর রহমান
কিডনি রোগ ও কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞ
বিভাগীয় প্রধান, বাংলাদেশ মেডিকেল কলেজ হসপিটাল
কনসালটেন্ড নেফ্রলজিস্ট
পপুলার মেডিকেল কলেজ হসপিটাল

05/08/2026

মাই কিডনি | কিডনি রোগ নিয়ে কিছু খোলামেলা আলোচনা"

কেমন হলো বাংলাদেশে প্রথম MPA লেভেল টেস্ট — একটু ফিরে দেখাছবির এই হাস্যোজ্জ্বল তরুণের নাম শামীম। বয়স মাত্র ২৪ বছর। ২০২৪ ...
25/06/2026

কেমন হলো বাংলাদেশে প্রথম MPA লেভেল টেস্ট — একটু ফিরে দেখা

ছবির এই হাস্যোজ্জ্বল তরুণের নাম শামীম। বয়স মাত্র ২৪ বছর। ২০২৪ সালের অক্টোবর মাসে বাংলাদেশেই তার সফল কিডনি প্রতিস্থাপন হয়।

২০২৫ সালে সে আমার কাছে আসে রক্তে ক্রিয়েটিনিন বেড়ে যাওয়ার অভিযোগ নিয়ে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে Acute T Cell–Mediated Rejection। দ্রুত চিকিৎসা শুরু করা হয়। আল্লাহর অশেষ রহমতে এবং সঠিক চিকিৎসায় তার প্রতিস্থাপিত কিডনির কার্যকারিতা আবার স্থিতিশীল হয়ে আসে। এরপর থেকে সে নিয়মিত আমার ফলো-আপে রয়েছে এবং তার সিরাম ক্রিয়েটিনিন প্রায় ২.০ mg/dL-এর আশেপাশে স্থিতিশীল রয়েছে।

কিছুদিন আগে শামীম খুব আন্তরিকভাবে আমাকে বলল,

"স্যার, আমার MMF-এর ডোজটা কি একটু বাড়ানো যায়? তাহলে হয়তো কিডনি আরও ভালো থাকবে।"

ঠিক সেই সময়ে প্রফেসর ডা. সোহানী ফেরদৌসী
ম্যাডাম এবং ডা. শরীফ ভাই আমাকে জানালেন যে বাংলাদেশে প্রথমবারের মতো MPA (Mycophenolic Acid) Level Test চালু হতে যাচ্ছে।

আমি শামীমকে বললাম, "ডোজ বাড়ানোর আগে আমরা আগে MPA লেভেল জেনে নিই।"

আল্লাহর অশেষ রহমতে, শামীমই বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে প্রথম MPA Level Test করা রোগী হওয়ার সৌভাগ্য অর্জন করে।

রিপোর্ট হাতে পাওয়ার পর আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম। আমরা যে ধারণা করছিলাম, ফলাফল ছিল তার সম্পূর্ণ বিপরীত। দেখা গেল, তার শরীরে MPA-এর মাত্রা ইতোমধ্যেই প্রত্যাশার চেয়ে বেশি। অর্থাৎ MMF-এর ডোজ বাড়ানোর কোনো প্রয়োজনই ছিল না; বরং নিরাপত্তার স্বার্থে ধীরে ধীরে ডোজ কমিয়ে আনাই ছিল সঠিক সিদ্ধান্ত।

এটাই হলো Therapeutic Drug Monitoring (TDM)-এর প্রকৃত সৌন্দর্য।

অনুমানের ভিত্তিতে নয়, বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া যায়।

আজ রোগীও নিশ্চিন্ত, আমিও আত্মবিশ্বাসী। একটি পরীক্ষাই আমাদের দুজনকেই সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে।

আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রফেসর ডা.সোহানী ফেরদৌসী,ডা. শরীফ ভাই এবং তাঁদের পুরো টিমকে। তাঁদের নিরলস প্রচেষ্টার ফলেই বাংলাদেশের ট্রান্সপ্ল্যান্ট রোগীরা আন্তর্জাতিক মানের এই গুরুত্বপূর্ণ সেবা এখন নিজের দেশেই পাচ্ছেন।

একই সঙ্গে আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি National Institute of Laboratory Medicine & Referral Center (NILMRC)-এর সম্মানিত পরিচালক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতি। রোগীদের কথা বিবেচনা করে এই পরীক্ষায় ৫০% সরকারি ভর্তুকি প্রদান করার ফলে অনেক রোগী এখন বিদেশে না গিয়েই স্বল্প খরচে এই গুরুত্বপূর্ণ পরীক্ষা করতে পারবেন। এটি নিঃসন্দেহে বাংলাদেশের ট্রান্সপ্ল্যান্ট চিকিৎসায় একটি যুগান্তকারী পদক্ষেপ।

এখন থেকে প্রতি মাসের ২য় ও ৪র্থ মঙ্গলবার এই পরীক্ষা করা হবে।

পরীক্ষার স্থান:
National Institute of Laboratory Medicine & Referral Center (NILMRC), ঢাকা

যোগাযোগ:
📞 01577-469892

আমি বিশ্বাস করি, এটি শুধু একটি নতুন পরীক্ষা চালু হওয়া নয়; এটি বাংলাদেশের কিডনি প্রতিস্থাপন চিকিৎসাকে আরও নিরাপদ, আরও বৈজ্ঞানিক এবং আরও ব্যক্তিকেন্দ্রিক করার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা।

ডা. রেজওয়ানুর রহমান
অধ্যাপক ও বিভাগীয় প্রধান
নেফ্রোলজি বিভাগ
বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল

বাংলাদেশে প্রথমবার MPA (Mycophenolic Acid) লেভেল পরীক্ষা চালু হচ্ছে!প্রিয় সহকর্মী, চিকিৎসক, ট্রান্সপ্ল্যান্ট রোগী ও শুভ...
18/06/2026

বাংলাদেশে প্রথমবার MPA (Mycophenolic Acid) লেভেল পরীক্ষা চালু হচ্ছে!

প্রিয় সহকর্মী, চিকিৎসক, ট্রান্সপ্ল্যান্ট রোগী ও শুভানুধ্যায়ীবৃন্দ,

আজ এমন একটি সংবাদ শেয়ার করতে পেরে আমি সত্যিই আনন্দিত। কিডনি প্রতিস্থাপন চিকিৎসার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার কারণে আমি জানি, একটি সফল ট্রান্সপ্ল্যান্টের পরও রোগীদের দীর্ঘমেয়াদি সুস্থতা নিশ্চিত করতে সঠিক মাত্রায় ইমিউনোসাপ্রেসিভ ওষুধ ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ।

সেই প্রেক্ষাপটে, বাংলাদেশের ট্রান্সপ্ল্যান্ট চিকিৎসায় একটি নতুন মাইলফলক যুক্ত হতে যাচ্ছে।
জাতীয় ল্যাবরেটরি মেডিসিন ও রেফারেল সেন্টার (National Institute of Laboratory Medicine & Referral Center - NILMRC), ঢাকা-তে আগামী ২১ জুন ২০২৬ থেকে প্রথমবারের মতো Mycophenolic Acid (MPA) Level Test চালু হচ্ছে। সরকারি পর্যায়ে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার সূচনা নিঃসন্দেহে দেশের ট্রান্সপ্ল্যান্ট চিকিৎসাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

এই উদ্যোগের পেছনে যাঁরা নিরলসভাবে কাজ করেছেন, তাঁদের মধ্যে প্রফেসর ডা. সোহানী ফেরদৌসী, ডা. শরীফ এবং তাঁদের পুরো দল বিশেষভাবে প্রশংসার দাবিদার। তাঁদের আন্তরিক প্রচেষ্টা, নিষ্ঠা ও অধ্যবসায়ের ফলেই আজ আমরা এই গুরুত্বপূর্ণ সেবাটি দেশে পেতে যাচ্ছি। তাঁদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা।
📍 পরীক্ষার স্থান: National Institute of Laboratory Medicine & Referral Center (NILMRC), ঢাকা
📞 যোগাযোগ: 01577-469892

MPA লেভেল পরীক্ষা কী?
কিডনি প্রতিস্থাপনের পর রোগীদের সাধারণত Mycophenolate Mofetil (CellCept) অথবা Mycophenolate Sodium (Myfortic) জাতীয় ওষুধ দেওয়া হয়। এই ওষুধের কার্যকর উপাদান হলো Mycophenolic Acid (MPA)।
একই ডোজ গ্রহণ করলেও বিভিন্ন রোগীর শরীরে MPA-এর মাত্রা ভিন্ন হতে পারে। তাই রক্তে ওষুধটির প্রকৃত মাত্রা পরিমাপ করে রোগীর জন্য সবচেয়ে উপযুক্ত ডোজ নির্ধারণ করাই এই পরীক্ষার মূল উদ্দেশ্য।

কেন এই পরীক্ষা গুরুত্বপূর্ণ?
আমাদের অনেক ট্রান্সপ্ল্যান্ট রোগীর ক্ষেত্রেই দেখা যায়, সবকিছু ঠিকঠাক চলার পরও কখনো Rejection-এর ঝুঁকি তৈরি হয়, আবার কখনো অতিরিক্ত ইমিউনোসাপ্রেশনের কারণে সংক্রমণ, রক্তশূন্যতা বা অন্যান্য জটিলতা দেখা দেয়। MPA লেভেল পরীক্ষা এই দুই বিপদের মাঝখানে একটি নিরাপদ ভারসাম্য খুঁজে পেতে সাহায্য করে।

✅ রক্তে ওষুধের মাত্রা কম থাকলে Rejection-এর ঝুঁকি চিহ্নিত করা যায়।
✅ মাত্রা বেশি থাকলে সংক্রমণ, লিউকোপেনিয়া ও অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি কমানোর জন্য ডোজ সমন্বয় করা যায়।
✅ রোগীভেদে ব্যক্তিগতকৃত (Personalized) চিকিৎসা পরিকল্পনা করা সম্ভব হয়।
✅ দীর্ঘমেয়াদে প্রতিস্থাপিত কিডনির কার্যকারিতা সংরক্ষণে সহায়তা করে।

কখন এই পরীক্ষা করার কথা ভাবা যেতে পারে?
🔹 ট্রান্সপ্ল্যান্টের প্রথম ৩–৬ মাসে
🔹 ডোজ পরিবর্তনের আগে বা পরে
🔹 Rejection-এর সন্দেহ হলে
🔹 বারবার সংক্রমণ বা রক্তশূন্যতা দেখা দিলে
🔹 নতুন কোনো ওষুধ শুরু বা বন্ধ করার সময়
🔹 দীর্ঘস্থায়ী ডায়রিয়া বা অন্য কোনো অবস্থায় যেখানে ওষুধের শোষণ পরিবর্তিত হতে পারে

কিছু বিষয় মনে রাখা জরুরি
MPA লেভেল পরীক্ষা অত্যন্ত উপকারী হলেও এটি কোনো "ম্যাজিক টেস্ট" নয়।
❖ খাবার, ডায়রিয়া এবং অন্যান্য ওষুধ MPA-এর মাত্রাকে প্রভাবিত করতে পারে।
❖ পরীক্ষার ফলাফল সব সময় রোগীর ক্লিনিক্যাল অবস্থা, কিডনির কার্যকারিতা এবং অন্যান্য পরীক্ষার ফলাফলের সঙ্গে মিলিয়ে ব্যাখ্যা করতে হবে।

আমাদের দেশে বর্তমানে হাজার হাজার কিডনি প্রতিস্থাপন রোগী নিয়মিত ফলো-আপে আছেন। তাঁদের আরও নিরাপদ, বিজ্ঞানভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসা দেওয়ার জন্য MPA Therapeutic Drug Monitoring একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন।
আমি বিশ্বাস করি, NILMRC-এর এই উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশের ট্রান্সপ্ল্যান্ট চিকিৎসার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং রোগীদের জন্য আরও উন্নত ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা নিশ্চিত করতে সহায়তা করবে।
আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই প্রফেসর ডা. সোহানী ফেরদৌসী, ডা. শরীফ এবং তাঁদের পুরো দলকে।
এটি শুধু একটি নতুন পরীক্ষা চালু হওয়ার খবর নয়—এটি বাংলাদেশের ট্রান্সপ্ল্যান্ট চিকিৎসার অগ্রযাত্রায় একটি নতুন অধ্যায়ের সূচনা।
ডা. রেজওয়ানুর রহমান
অধ্যাপক ও বিভাগীয় প্রধান
নেফ্রোলজি বিভাগ
বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল

রোগীদের অল্পস্বল্প গল্পএক অসামান্য সন্তানের গল্প — “পুতুল”ডাক্তারি জীবনে অসংখ্য রোগী দেখি, অসংখ্য মুখ আসে-যায়। কিন্তু ক...
19/05/2026

রোগীদের অল্পস্বল্প গল্প
এক অসামান্য সন্তানের গল্প — “পুতুল”
ডাক্তারি জীবনে অসংখ্য রোগী দেখি, অসংখ্য মুখ আসে-যায়। কিন্তু কিছু মানুষ থেকে যায় হৃদয়ের খুব গভীরে। আজ আমি এমনই এক অসামান্য সন্তানের এবং তার সংগ্রামী মায়ের গল্প শেয়ার করতে চাই।
তাকে আমি প্রথমে চিনতাম শুধু “পুতুল” নামে। তখনও জানতাম না তিনি দেশের একজন খ্যাতিমান অভিনেত্রী, বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর শ্রেষ্ঠ অভিনেত্রী, প্রথম আলো মেরিল শ্রেষ্ঠ অভিনেত্রীসহ বহু সম্মাননার অধিকারী। আমার কাছে তিনি শুধু একজন মেয়ে, যে তার মায়ের জন্য অসম্ভব রকমের যুদ্ধ করে যাচ্ছে।
প্রায় তিন বছর আগে, একদিন রাত বারোটার পরে তিনি তার মাকে নিয়ে আমার চেম্বারে আসেন। পরে জেনেছিলাম, তিনি অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিলেন। তার মা নুরুন নাহার—অসাধারণ প্রাণবন্ত একজন মানুষ। প্রথম দেখাতেই তাকে ভালো লেগে গিয়েছিল। সেদিন থেকেই যেন শুরু হয় আমাদের দীর্ঘ পথচলা।
তখন তার মা ক্রনিক কিডনি ডিজিজ (CKD) এবং হাইপারপ্যারাথাইরয়েডিজমে ভুগছিলেন। সার্জারির প্রয়োজন ছিল, কিন্তু শারীরিক অবস্থা তা অনুমতি দিচ্ছিল না। ধীরে ধীরে কিডনির অবস্থা আরও খারাপ হতে থাকে। একসময় ডায়ালাইসিস শুরু করতে হয়।
এরপর শুরু হয় এক কঠিন অধ্যায়।
তিনি পপুলার হাসপাতালের ICU-তে প্রায় ১৫–২০ দিন সম্পূর্ণ অচেতন অবস্থায় ভর্তি ছিলেন। মেডিকেল বোর্ড বসেছে, দেশের অনেক বিশেষজ্ঞ ডাক্তার তাকে দেখেছেন। কিন্তু কোনোভাবেই জ্ঞান ফিরছিল না। অবস্থা এমন হয়ে দাঁড়ায় যে সবাই প্রায় আশা হারিয়ে ফেলছিল।
পরে অনেক বেশি খরচ হয়ে যাওয়ায় তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে রিক্সবন্ডের একটি কেবিনে রেখে চিকিৎসা চলতে থাকে। দিন যায়, রাত যায়—কিন্তু প্রায় ২৪ দিন পর্যন্ত কোনো জ্ঞান ফেরেনি।
এর মাঝেই আসে ৫ আগস্ট ২০২৪।
সেদিন বিকালে হঠাৎ তিনি প্রথম চোখ খুললেন।
আজও সেই মুহূর্তটা মনে পড়ে। আমরা সবাই যেন নতুন জীবন ফিরে পেলাম। সেই ঘটনাকে ঘিরে তখন অনেক হাসাহাসিও করেছিলাম।
কিন্তু পুতুলের সংগ্রাম তখনও শেষ হয়নি।
কিছুদিন পরপরই মাকে নিয়ে হাসপাতালে ভর্তি হতে হতো। এর মধ্যেই পুতুল নিজে গর্ভবতী হন। আর ভাগ্যের কী নির্মম পরিহাস—যখন তার ডেলিভারির সময় ঘনিয়ে আসে, তখন তার মা আবার গুরুতর অসুস্থ।
মাকে দেখার মতো পৃথিবীতে আর কেউ ছিল না।
আমি নিজের চোখে দেখেছি—একজন মেয়ে কীভাবে একই সময়ে নিজের গর্ভাবস্থা, অসুস্থ মা এবং সংসার সামলাচ্ছে। সে নিজে এক কেবিনে ভর্তি, পাশের কেবিনে ভর্তি তার মা। দুই কেবিনের মাঝের বারান্দা দিয়ে তার স্বামী ছুটে বেড়াচ্ছেন—কখনো স্ত্রীর কাছে, কখনো শাশুড়ির কাছে।
পুতুলের জীবনের সবচেয়ে বড় শক্তি তার স্বামী—অসাধারণ সহনশীল এবং নিবেদিত একজন মানুষ।
একজন সন্তান হিসেবে পুতুল তার মায়ের জন্য যে পরিশ্রম করেছে—শারীরিক, মানসিক, আর্থিক—তা আমার পুরো ক্যারিয়ারে খুব কম মানুষের মধ্যে দেখেছি।
ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়। সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসে। মা-ও কিছুটা ভালো থাকেন। তারা বাসায় ফিরে যান এবং নিয়মিত ডায়ালাইসিস চলতে থাকে।
কিন্তু নতুন করে শুরু হয় আরেক যুদ্ধ।
বারবার vascular access failure হতে থাকে। ডায়ালাইসিসের জন্য কোনো fistula বা catheter দীর্ঘদিন কাজ করছিল না।
এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হন আমার অত্যন্ত কাছের ছোট ভাই, বাংলাদেশের অন্যতম সেরা vascular surgeon ডা. শাহিন এবং তার দল।
শুরু হয় এক নতুন সংগ্রাম।
বছরের পর বছর ডায়ালাইসিসের জন্য একের পর এক vascular access তৈরি করতে হয়েছে—ডান পাশের IJV catheter, একাধিক femoral catheter, ব্যর্থ RC fistula, এরপর Left B-C fistula, এমনকি দীর্ঘ ১.৫ বছর Left IJV permacath-এর ওপর নির্ভর করতে হয়েছে।
পরবর্তীতে গভীরে থাকা fistula vein ব্যবহারযোগ্য করতে Left arm cephalic vein superficialization করা হয়। দুই সপ্তাহ পর সেই fistula দিয়ে আবার dialysis শুরু হয়।
কিন্তু হঠাৎ নতুন সমস্যা দেখা দিল।
ধীরে ধীরে মুখমণ্ডল ও দুই হাত ফুলে যেতে লাগল। গলার শিরাগুলো অস্বাভাবিকভাবে ফুলে উঠতে শুরু করল। অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল।
কারণ খুঁজতে করা হলো central venogram।
সেখানে ধরা পড়ল এক ভয়াবহ সত্য—তার Superior Vena Cava (SVC) সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, অর্থাৎ 100% chronic total occlusion।
এটি ছিল অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি।
ডা. শাহিন ও তার দল ধাপে ধাপে challenging percutaneous intervention এবং balloon venoplasty করেন। কিন্তু পর্যাপ্ত রক্তপ্রবাহ ফিরছিল না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় SVC stenting-এর।
সফলভাবে ১৪×৬০ মিমি self-expanding stent বসানো হয়।
আর তারপর যেন অলৌকিক পরিবর্তন।
মাত্র এক দিনের মধ্যেই মুখ ও দুই হাতের ফোলা নাটকীয়ভাবে কমে যায়। মনে হচ্ছিল, তিনি যেন নতুন জীবন ফিরে পেলেন।
এই পুরো সময়টাতে পুতুল প্রায়ই আমার দিকে তাকিয়ে বলত,
“স্যার, আমার কি আর কখনোই সংগ্রাম শেষ হবে না?”
আমি তাকে একটাই কথা বলতাম—
“আপনি এতগুলো সংগ্রাম পার করে এসেছেন। এবারও সফল হবেন, ইনশাআল্লাহ।”
আজও সেই সংগ্রাম চলছে। কিন্তু পুতুলের ধৈর্য, তার মায়ের প্রতি ভালোবাসা, আর তার স্বামীর নিরব সমর্থন—এই তিনটি জিনিস আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।
মজার বিষয় হলো, এতদিন আমি জানতামই না তিনি এত বড় একজন অভিনেত্রী। তার অভিনীত নাটক বা চলচ্চিত্রও আমার দেখা হয়নি। কিন্তু আমি যেটা দেখেছি, সেটা হয়তো যেকোনো পুরস্কারের চেয়েও বড়—
একজন মায়ের প্রতি সন্তানের নিঃস্বার্থ ভালোবাসা।
যখন দেখলাম তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সম্মানিত হয়েছেন, তখন আমি তাকে বলেছিলাম—
“দেখেন, আপনি দুনিয়াতেই সম্মান পেয়ে গেছেন।”
আমি দোয়া করি, আল্লাহ যেন পুতুলকে তার মা, সন্তান এবং পরিবারকে নিয়ে সুস্থ ও সুন্দর জীবন দান করেন। জীবনে আরও অনেক সাফল্য দান করেন।
আর সবচেয়ে বড় কথা—তার মায়ের খেদমতের এই অসাধারণ প্রতিদান যেন আল্লাহ আখেরাতে উত্তমভাবে কবুল করেন। তাকে উত্তম প্রতিদান দান করেন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন।
আমিন।
—
ডা. রেজওয়ানুর রহমান
MBBS, MD (Nephrology), FRCP (Edin)
Professor & Head, Department of Nephrology
Bangladesh Medical College Hospital
Consultant Nephrologist
Popular Medical College Hospital, Dhanmondi

আজ বিশ্ব উচ্চরক্তচাপ দিবস ২০২৬।বিশ্বে ১৪০ কোটি মানুষ উচ্চরক্তচাপে ভুগছেন — অথচ মাত্র ৪ জনে ১ জনের রক্তচাপ সঠিকভাবে নিয়ন...
17/05/2026

আজ বিশ্ব উচ্চরক্তচাপ দিবস ২০২৬।

বিশ্বে ১৪০ কোটি মানুষ উচ্চরক্তচাপে ভুগছেন — অথচ মাত্র ৪ জনে ১ জনের রক্তচাপ সঠিকভাবে নিয়ন্ত্রণে আছে। উচ্চরক্তচাপকে বলা হয় "নীরব ঘাতক" — কারণ এটি কোনো লক্ষণ ছাড়াই বছরের পর বছর ধরে শরীরের ভেতরে নীরবে ক্ষতি করে যায়।

পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে এই দিবস উপলক্ষে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেশের স্বনামধন্য কিডনি রোগ বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, এন্ডোক্রাইনোলজিস্ট, মেডিসিন বিশেষজ্ঞ, গাইনোকোলজিস্ট, হাসপাতাল কর্তৃপক্ষ এবং আমাদের প্রিয় জুনিয়র চিকিৎসক ও ইন্টার্ন ডাক্তারদের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে সত্যিকার অর্থেই জ্ঞানসমৃদ্ধ করে তুলেছে।

সম্মেলনে উচ্চরক্তচাপের কারণ, এর বহুমাত্রিক প্রভাব এবং বিশেষভাবে সেকেন্ডারি হাইপারটেনশনের বিভিন্ন কারণ অত্যন্ত প্রাঞ্জলভাবে আলোচিত হয়েছে।

🫘 উচ্চরক্তচাপ ও কিডনির সম্পর্ক — যা অনেকেই জানেন না:
→ উচ্চরক্তচাপ কিডনি বিকলের দ্বিতীয় প্রধান কারণ
→ ক্ষতিগ্রস্ত কিডনি আবার রক্তচাপ আরও বাড়িয়ে দেয়
→ এই দুষ্টচক্র একসময় ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপনের দিকে নিয়ে যায়

🫀 উচ্চরক্তচাপ যে অঙ্গগুলো নীরবে ধ্বংস করে:
→ হৃদপিণ্ড: হার্ট অ্যাটাক ও হার্ট ফেইলিউর
→ মস্তিষ্ক: স্ট্রোক ও স্মৃতিভ্রংশ
→ চোখ: দৃষ্টিশক্তি কমে যাওয়া
→ কিডনি: ধীরে ধীরে বিকল হয়ে যাওয়া

✅ আজই যা করতে পারেন:
• রক্তচাপ মাপুন — স্বাভাবিক মাত্রা ১৩০/৮০ mmHg-এর নিচে
• ওষুধ নিয়মিত খান — ভালো লাগলেও বন্ধ করবেন না
• লবণ কম খান — দিনে এক চা চামচ কম খেলেও পার্থক্য হয়
• প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন
• ধূমপান ছাড়ুন, মদ্যপান এড়িয়ে চলুন
• ডায়াবেটিস বা কিডনি রোগ থাকলে রক্তচাপের লক্ষ্যমাত্রা আরও কঠোর

💙 আমার কিডনি রোগীদের প্রতি বিশেষ বার্তা:
আপনার কিডনি ইতিমধ্যেই চাপে আছে। প্রতিটি mmHg গুরুত্বপূর্ণ। নিয়মিত ফলো-আপ করুন — চিকিৎসা কখনো মাঝপথে ছেড়ে দেবেন না।

বিশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক শ্রদ্ধা জানাই প্রফেসর এ কে এম মহিউদ্দিন ভূঁইয়া মাসুম স্যারকে। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও চিকিৎসা শিক্ষার প্রতি অসামান্য নিষ্ঠার ফলেই এত সুশৃঙ্খল ও অর্থবহ একটি আয়োজন সম্ভব হয়েছে। এই গুরুত্বপূর্ণ আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমার সম্মানিত শিক্ষকদের সামনে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য তাঁর প্রতি অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই।

আসুন, আমরা সবাই সচেতন হই — নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করি এবং এই নীরব ঘাতকের হাত থেকে নিজেদের ও প্রিয়জনদের সুরক্ষিত রাখি।

একসাথে আমরা উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারি — এবং আমাদের কিডনি, হৃদপিণ্ড ও মস্তিষ্ককে রক্ষা করতে পারি।

সুস্থ থাকি। সচেতন থাকি। 💙

— অধ্যাপক ডা. রেজওয়ানুর রহমান
MBBS, MD (নেফ্রোলজি), FRCP (Edin)
বিভাগীয় প্রধান, নেফ্রোলজি বিভাগ
বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল
ইভনিং কনসালট্যান্ট নেফ্রোলজিস্ট, পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল

🌙 ঈদ মোবারক 🌙আলহামদুলিল্লাহ, এক মাসের সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের পর আমরা পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সুযোগ পেয়েছি। এই আনন্...
20/03/2026

🌙 ঈদ মোবারক 🌙
আলহামদুলিল্লাহ, এক মাসের সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের পর আমরা পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সুযোগ পেয়েছি। এই আনন্দঘন দিনে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি—তিনি যেন আমাদের সকলের জীবনে শান্তি, সুখ ও বরকত নাযিল করেন।
রমজানের শিক্ষা—সহানুভূতি, দানশীলতা ও কৃতজ্ঞতা—আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে পড়ুক। মহান আল্লাহ আমাদের সিয়াম, নামাজ ও সকল নেক আমল কবুল করুন এবং আমাদের ভুলত্রুটি ক্ষমা করে দিন।
এই শুভক্ষণে আমার সম্মানিত সহকর্মী, প্রিয় শিক্ষার্থী, প্রিয় রোগী ও শুভাকাঙ্ক্ষী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ আপনাদের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি দান করুন।
🤲 মহান আল্লাহ আমাদের সবাইকে সুস্থ ও কল্যাণময় জীবন দান করুন।
সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক!
— প্রফেসর ডা. রেজওয়ানুর রহমান

রোগীদের অল্পস্বল্প গল্পআজহার আঙ্কেল—ডায়ালাইসিস রোগীদের অনুপ্রেরণার এক জীবন্ত প্রতীককখনো কখনো কিছু মানুষ আমাদের জীবনে আসে...
26/01/2026

রোগীদের অল্পস্বল্প গল্প
আজহার আঙ্কেল—ডায়ালাইসিস রোগীদের অনুপ্রেরণার এক জীবন্ত প্রতীক
কখনো কখনো কিছু মানুষ আমাদের জীবনে আসেন…
শুধু রোগী হিসেবে নয়—
অনুপ্রেরণা হয়ে, সাহস হয়ে, আশার আলো হয়ে।
আজহার আঙ্কেল ঠিক তেমনই একজন মানুষ।
যখনই আমার কোনো নতুন রোগী ডায়ালাইসিস শুরু করতে ভয় পান,
যখন কেউ হতাশ হয়ে বলেন—
“ডাক্তার, আমার জীবন তো শেষ…”
আমি তখন তাদেরকে একটি গল্প বলি।
আজহার আঙ্কেলের গল্প।
আজহার আঙ্কেল গত ২৬ বছর ধরে নিয়মিত ডায়ালাইসিস করছেন—
যা সম্ভবত বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বিরল এবং অনন্য উদাহরণ।
বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি ও ডায়ালাইসিস বিভাগ যাত্রা শুরুর একেবারে প্রথম সময় থেকেই তিনি আমাদের সঙ্গে আছেন।
বলতে গেলে জীবনের বড় একটি সময় তিনি এই হাসপাতালেই কাটিয়েছেন—
এই হাসপাতালকেই তিনি নিজের পরিবারের মতো করে আপন করে নিয়েছেন।
আজহার আঙ্কেল একজন নিঃসঙ্গ মানুষ।
তবে তাঁকে আগলে রেখেছেন তাঁর বড় ভাই—
অসাধারণ ভালোবাসা আর যত্ন দিয়ে, বছরের পর বছর।
কিন্তু আজহার আঙ্কেলের সবচেয়ে বড় পরিচয় হলো—
তিনি কখনো হার মানেননি।
আমি যখনই তাঁকে জিজ্ঞেস করি—
“আঙ্কেল, কেমন আছেন?”
তিনি মিষ্টি করে হেসে বলেন—
“ভালো আছি ডাক্তার…”
কতটা শক্ত মানুষ হলে…
এত কষ্টের মাঝেও মুখে হাসি থাকে!
চোখে থাকে শান্তি!
কোনো অভিযোগ থাকে না!
তবে সত্যিটা হলো—
এখন আর আগের মতো ভালো নেই তিনি।
অস্টিওপোরোসিসের কারণে তাঁর পায়ের হাড় ক্ষয় হয়ে যাচ্ছে,
হাঁটার শক্তি কমে এসেছে,
বেশিরভাগ সময় এখন তাঁকে হুইলচেয়ারে চলাচল করতে হয়।
তবুও…
তাঁর ভিতরের প্রাণশক্তি যেন অফুরন্ত।
তার বেঁচে থাকার স্পৃহা,
বেঁচে থাকার অদম্য ইচ্ছা—
এই স্পৃহাই তাঁকে টেনে নিয়ে যাচ্ছে ২৬ বছর ধরে।
আজকে আজহার আঙ্কেল এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে।
আর তাই তাঁর ডায়ালাইসিস জীবনের ২৬ বছর পূর্তি উপলক্ষে
আমি তাঁকে একটি ফুল দিয়ে সম্মান জানালাম—
একজন যোদ্ধাকে ছোট্ট করে ভালোবাসা জানানো।

আমি আজহার আঙ্কেল ও তাঁর পরিবারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই—
এত দীর্ঘ সময় ধরে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে আস্থা রাখার জন্য।
এবং ধন্যবাদ জানাই আমার টিমের প্রতিটি সদস্যকে—
যারা আঙ্কেলকে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন
ভালোবাসা, যত্ন আর দায়িত্ববোধ নিয়ে।
আজহার আঙ্কেলের জন্য আমাদের সবার দোয়া—
আল্লাহ যেন তাঁকে আরও অনেক বছর সুস্থভাবে আমাদের মাঝে রাখেন,
এবং তিনি যেন নতুন ডায়ালাইসিস শুরু করা রোগীদের কাছে
সাহস ও অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকেন।

ডাঃ রেজওয়ানুর রহমান
এমবিবিএস, এমডি (নেফ্রোলজি), এফআরসিপি (এডিন)
অধ্যাপক ও বিভাগীয় প্রধান
কিডনি রোগ ও ডায়ালাইসিস বিভাগ
বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল

Address

Popular Consultation Center-3 Bhaban-6, Room No: 305, House: 8, Road: 2 Dhanmondi
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Rezwanur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr. Rezwanur Rahman:

Shortcuts

Share