02/11/2026
গর্ভকালীন ডায়াবেটিস এখন বেশ পরিচিত একটি সমস্যা।
যাঁরা অতিরিক্ত ওজন নিয়ে কনসিভ করেন, যাঁদের পিসিওএস আছে, পরিবারে ডায়াবেটিসের ইতিহাস রয়েছে অথবা যাঁদের অন্য কোনো ঝুঁকির কারণ আছে, তাঁদের গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি তুলনামূলক বেশি হতে পারে।
সাধারণত গর্ভাবস্থার ২৪–২৮ সপ্তাহে গর্ভকালীন ডায়াবেটিস স্ক্রিনিং করা হয়। তবে ঝুঁকি বেশি থাকলে চিকিৎসকের পরামর্শে এর আগেও পরীক্ষা প্রয়োজন হতে পারে।
গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি কমাতে চাইলে প্রস্তুতি শুরু করতে হবে প্রেগন্যান্সি প্ল্যান করার সময় থেকেই।
গতকাল পোস্ট দিয়েছিলাম, কনসিভ করার আগে অন্তত ১০০ দিনের প্রস্তুতি প্রয়োজন। এই প্রস্তুতির উদ্দেশ্য হলো এমন কিছু স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করা, যেন গর্ভাবস্থার পুরো সময়টা আপনাকে অপ্রয়োজনীয় জটিলতার মধ্য দিয়ে যেতে না হয়।
আর গর্ভকালীন ডায়াবেটিস ধরা পড়লে কী করবেন?
১.
খাদ্যতালিকায় লাল চাল, লাল আটার রুটি, ওটস অবশ্যই রোল্ড , ডাল ও অন্যান্য আঁশসমৃদ্ধ জটিল কার্বোহাইড্রেট রাখুন। কার্বোহাইড্রেট একেবারে বাদ দেবেন না। প্রোটিন, ফ্যাট ও কার্বোহাইড্রেটের অনুপাত ব্যক্তির প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করতে হবে।
২.
বাংলাদেশের মানুষ ফল বেশি খায় প্রেগ্ন্যাসি তে। তবে ফল সম্পূর্ণ অবস্থায় খাবেন, জুস করে নয়। পেয়ারা, আপেল, কমলা ও অন্যান্য গোটা ফল পরিমিত পরিমাণে খেতে পারেন। ফলের সঙ্গে বাদাম বা দইয়ের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার রাখতে পারেন।
৩.
গর্ভাবস্থায় কোনো জটিলতা বা ব্লিডিং না থাকলে নিয়মিত হাঁটুন। বিশেষ করে খাবারের পর ১০–১৫ মিনিট হাঁটা রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।
আমার নিজের প্রেগন্যান্সির সময়ও আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত সক্রিয় থাকার চেষ্টা করেছি। প্রায় প্রতিদিন ৪০ মিনিট হেঁটে চেম্বারে যেতাম,তবে প্রত্যেকের গর্ভাবস্থা আলাদা, তাই নিজের শারীরিক অবস্থা অনুযায়ী সক্রিয় থাকবেন।
৪.
প্রতিদিন নিয়মিত সময়ে ঘুমাতে যাওয়ার চেষ্টা করুন। ঘুমের ঘাটতি মেটাবলিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। ঘুমের সমস্যা দীর্ঘদিন থাকলে সেটিও অবহেলা করবেন না।
৫.
অতিরিক্ত দুশ্চিন্তা ও মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। নিজের জন্য সময় রাখুন, প্রয়োজন হলে পরিবারের সহযোগিতা নিন।