07/10/2026
📌ডেঙ্গু নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর.......................................................
প্রশ্ন: ডেঙ্গু পরীক্ষায় নেগেটিভ আসলেই কি ধরে নেওয়া যায় যে ডেঙ্গু নেই?
উত্তর: না। ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেই ডেঙ্গু নেই—এটা সবসময় বলা যায় না।
রোগের কোন দিনে পরীক্ষা করা হয়েছে, তার ওপর রিপোর্টের ফলাফল নির্ভর করতে পারে। রোগের শুরুতে করা কিছু পরীক্ষা নেগেটিভ আসতে পারে, পরে আবার পরীক্ষা করলে পজিটিভ হতে পারে। মোটের ২০% রোগীর কোন পরীক্ষায় পজিটিভ নাও আসতে পারে। সহজভাবে এদেরকে সেরোনেগেটিভ ডেংগু বলা হয়।
তাই শুধু একটি বা দুটি রিপোর্ট দেখে সিদ্ধান্ত না নিয়ে রোগীর জ্বরের মেয়াদ, লক্ষণ এবং অন্যান্য পরীক্ষার ফলাফল মিলিয়ে চিকিৎসক সিদ্ধান্ত নেন।
📌প্রশ্ন: তৃতীয় বা চতুর্থ দিন পর্যন্ত রোগী ভালো থাকলেও কি পরে হঠাৎ গুরুতর অসুস্থ হতে পারে?
উত্তর: হ্যাঁ, পারে।
ডেঙ্গুতে অনেক রোগী প্রথম কয়েক দিন মোটামুটি ভালো থাকেন। কিন্তু সাধারণত জ্বর কমার সময় এবং অসুস্থতার ৩–৭ দিনের মধ্যে রোগীর অবস্থা খারাপ হতে পারে।
এই সময় শরীর থেকে তরল বের হয়ে গিয়ে রক্তচাপ কমে যেতে পারে। এমনকি গুরুতর অবস্থায় শক, রক্তপাত বা শরীরের বিভিন্ন অঙ্গের সমস্যা হতে পারে।
তাই জ্বর কমে গেছে বা রোগী ভালো বোধ করছে মানেই বিপদ কেটে গেছে—এমনটা ভাবা ঠিক নয়।
📌প্রশ্ন: ডেঙ্গুর সঙ্গে কি ব্যাকটেরিয়ার ইনফেকশনও হতে পারে?
উত্তর: হ্যাঁ, কিছু রোগীর ক্ষেত্রে ডেঙ্গুর পাশাপাশি ব্যাকটেরিয়ার ইনফেকশনও হতে পারে।
কিছু লক্ষণ দেখে ব্যাকটেরিয়ার ইনফেকশনের সন্দেহ হতে পারে। যেমন—
-জ্বর কমার বদলে চলতেই থাকা বা আবার বেড়ে যাওয়া
- কাঁপুনি দিয়ে জ্বর
-কাশি, কফ, বুকব্যথা বা শ্বাসকষ্ট
-প্রস্রাবের সময় জ্বালাপোড়া বা ব্যথা
-শরীরের কোনো জায়গা ফুলে যাওয়া, লাল হওয়া, ব্যথা বা পুঁজ হওয়া
-তীব্র গলা ব্যথা
-রোগীর দ্রুত নিস্তেজ হয়ে যাওয়া
📌প্রশ্ন: রোগী যদি হেঁটে হাসপাতালে এসে ভর্তি হয়, তাহলেও কি তার অবস্থা গুরুতর হতে পারে?
উত্তর: হ্যাঁ, পারে।
রোগী হেঁটে হাসপাতালে এসেছে বা দেখতে ভালো লাগছে—এটা দেখে বলা যায় না যে তার কোনো ঝুঁকি নেই।
ডেঙ্গুতে কখনো কখনো রোগীর অবস্থা খুব দ্রুত পরিবর্তন হতে পারে। হাসপাতালে আসার সময় রোগী ভালো থাকলেও পরে তার রক্তচাপ কমে যেতে পারে, শরীর থেকে অতিরিক্ত তরল বের হতে পারে, রক্তপাত হতে পারে বা অন্য জটিলতা দেখা দিতে পারে।
তাই ডেঙ্গু রোগীকে নিয়মিত নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা খুব গুরুত্বপূর্ণ।
📌প্রশ্ন: সব ধরনের প্রয়োজনীয় চিকিৎসা পাওয়ার পরও কি ডেঙ্গু রোগী মারা যেতে পারে?
উত্তর: ডেংগুতে বেশিরভাগ রোগীই সুস্থ হয়ে ওঠেন। তবে কিছু গুরুতর ডেঙ্গু রোগীকে সময়মতো হাসপাতালে এনে প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়ার পরও মারা যেতে পারে।
কিছু রোগীর ক্ষেত্রে রোগটি খুব দ্রুত খারাপ পর্যায়ে যেতে পারে। যেমন—শক, অতিরিক্ত রক্তপাত, লিভার বা অন্য গুরুত্বপূর্ণ অঙ্গের গুরুতর সমস্যা দেখা দিতে পারে। এসব ক্ষেত্রে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার পরও রোগীকে সবসময় বাঁচানো সম্ভব হয় না।
তবে এর অর্থ এই নয় যে চিকিৎসা করে কোনো লাভ নেই। সময়মতো হাসপাতালে নেওয়া, সঠিকভাবে রোগীকে পর্যবেক্ষণ করা এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত চিকিৎসা শুরু করা—ডেঙ্গুতে মৃত্যুর ঝুঁকি অনেক কমিয়ে দেয়।
তাই কোনো রোগী মারা গেলে শুধু ফলাফল দেখে “চিকিৎসা দেওয়া হয়নি” বা “ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে”—এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।
লেখকঃ ডা.গুলজার হোসেন উজ্জ্বল।