18/08/2026
মাত্র ১৩৫০ গ্রাম ওজনের ছোট্ট একরত্তি শিশুটি জন্মেছিল মাত্র ৩১ সপ্তাহে, অন্য একটি হাসপাতালে। অত্যন্ত অপরিণত অবস্থায় জন্ম নেওয়া এই শিশুটির জন্য সেখানে পর্যাপ্ত প্রিম্যাচুর কেয়ারের ব্যবস্থা না থাকায় সে অসুস্থ হয়ে পড়ে এবং স্থানীয় একটি SNCU তে ভর্তি হয়। কিছুদিন চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু বাড়ি ফেরার পর আবার অসুস্থ হয়ে পড়ে এবং বারবার হাসপাতালে ভর্তি হতে থাকে।
পরিবারের সদস্যরা খোঁজখবর নিয়ে অবশেষে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমরা যথাযথ ব্যবস্থা করে নিরাপদভাবে শিশুটিকে আমাদের হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করি। হাসপাতালে পৌঁছানোর পর আমরা দেখি, শিশুটির শরীরে গুরুতর সংক্রমণ—সেপসিস—হয়েছে এবং তার সঙ্গে রয়েছে তীব্র শ্বাসকষ্ট ও নিউমোনিয়া।
প্রিম্যাচুর শিশুদের অন্যতম বড় সমস্যা হলো তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত কম থাকে। তাই পরিচ্ছন্ন, জীবাণুমুক্ত এবং উপযুক্ত পরিবেশে তাদের না রাখা হলে খুব সহজেই সংক্রমণ হতে পারে। অনেক সময় সেই সংক্রমণ মারাত্মক আকার ধারণ করে এবং শিশুর জীবনও সংকটাপন্ন হয়ে পড়ে।
ভর্তির সঙ্গে সঙ্গেই আমাদের দক্ষ নিয়োনেটাল টিম, অভিজ্ঞ চিকিৎসক ও নার্সরা শিশুটিকে বাঁচানোর জন্য সর্বশক্তি দিয়ে চিকিৎসা শুরু করেন। প্রথমে CPAP-এর মাধ্যমে শ্বাসপ্রশ্বাসের সহায়তা দিয়ে তাকে স্থিতিশীল করা হয়। প্রয়োজন অনুযায়ী উচ্চমানের অ্যান্টিবায়োটিক শুরু করা হয়। পাশাপাশি তার রক্তের প্রয়োজনীয়তা পূরণের জন্য ব্লাড প্রোডাক্টস, যেমন Packed RBC বা কনসেনট্রেটেড RBC, দেওয়া হয়।
ধীরে ধীরে শিশুটি সংক্রমণ ও শ্বাসকষ্ট থেকে কিছুটা সুস্থ হয়ে উঠতে শুরু করে। কিন্তু সে এতটাই দুর্বল ছিল যে তখনও নিজে খাওয়া ও খাবার হজম করার মতো অবস্থায় ছিল না। তাই PICC line-এর মাধ্যমে তাকে কৃত্রিম পুষ্টি—Total Parenteral Nutrition (TPN)—দেওয়া হয়।
সময়ের সঙ্গে সঙ্গে শিশুটি আরও সতেজ হয়ে ওঠে। ধীরে ধীরে নলের মাধ্যমে দুধ খাওয়ানো শুরু হয়। ওজন বাড়তে থাকে এবং একসময় সে নিজে মুখে দুধ খেতেও সক্ষম হয়।
তবে প্রিম্যাচুর শিশুর চিকিৎসার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো মাকে প্রশিক্ষিত করে তোলা। শিশুটির মাকে আমাদের হাসপাতালেই রেখে তাকে Kangaroo Mother Care (KMC), সঠিক পরিচ্ছন্নতা, হাত ধোয়ার পদ্ধতি, শিশুকে কীভাবে দুধ খাওয়াতে হবে, কীভাবে ঢেঁকুর তুলতে হবে, কীভাবে নিরাপদে শোয়াতে হবে এবং শিশুর বিভিন্ন প্রয়োজন ও বিপদের লক্ষণ কীভাবে বুঝতে হবে—এসব প্রতিদিন ধৈর্য ও যত্নের সঙ্গে শেখানো হয়।
আমাদের দক্ষ নার্সিং টিম মাকে প্রতিনিয়ত হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছেন। ধীরে ধীরে মা নিজেই তার ছোট্ট শিশুটির যত্ন নেওয়ার ক্ষেত্রে দক্ষ হয়ে ওঠেন।
আর আজ সেই ছোট্ট শিশুটি সম্পূর্ণ সুস্থ অবস্থায় নিজের বাড়ি, নিজের পরিবারের কাছে ফিরে যাচ্ছে।
মায়ের মুখের হাসি, পরিবারের আনন্দ এবং একটি ছোট্ট শিশুর সুস্থ হয়ে ঘরে ফিরে যাওয়া—এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি, এটাই আমাদের সঞ্চয়।
সারা জীবন যেন আমরা আমাদের জ্ঞান, দক্ষতা, শ্রম ও মানবিকতাকে কাজে লাগিয়ে এভাবেই ছোট্ট ছোট্ট প্রাণকে সুস্থ করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি—এই আমাদের প্রার্থনা, এই আমাদের অঙ্গীকার।